সবার কথা শুনিস মাগো
আমার কথা শুনবি নে?
আঁখি জলে ‘মা মা’ ডেকে
ছোটে মন কালীর বানে…
দুদিনের তরে ভবে আসা,
মিছে আশা ভালোবাসা,
তোর কথা ভাবিনে মা,
ভাবি শুধু নিজের কথা…
বুঝিস নে ভুল মাগো আমায়
মুখ ফিরায়ে থাকিস নে
নীরব অভিমানে,
সবার কথা শুনিস মাগো
আমার কথা শুনবি নে?…
জীবন নদীর ঘূর্ণিপাকে
মন-খেয়া বাই,
মায়া উজানে ভেসে চলি
কূলে না পাই ঠাঁই।
স্বপ্নের দোলায় চড়ি,
মিছে আশার ইমারত গড়ি
পাঁকে খুঁজি অরূপ রতন
না করি মায়ের যতন…
একবার কৃপা করে চিন্তামণি
জ্বালো দীপ হৃদ-আসনে,
সবার কথা শুনিস মাগো
আমার কথা শুনবি নে?
*********************************************************
বধির হয়ে থাকিস নে মা
মনের কথা বল,
মনে বৃথা, কিসের ব্যথা,
কেন আঁখি জল?
বল না কি তোর দুঃখ মাগো
করিস নে মা মান,
নিজের বলে নেইযে কিছু
সবই যে তোরই দান।
ভক্তি-জবায় সাজাব তোরে
রাঙায়ে চরণ-তল,
বধির হয়ে থাকিস নে মা
মনের কথা বল…
মন্ত্র তন্ত্র জানি নে মা
জানি নে আচার,
পুজোর ছলে তোরে ভুলে
সাজাই উপচার।
জ্ঞান চক্ষু খুলেদে মা,
নেবো তোর ভার,
ভব-নদী তোরে নিয়েই
হব পারাপার।
মন-মালী নামে কালী
ফোটায় শতদল,
বধির হয়ে থাকিস নে মা
মনের কথা বল…
************************************************************
চণ্ডীরূপে আয় মা শ্যামা
কৃপায় কৃপাণ ধরে,
অমায় ভরা, অন্ধ ধরা
ঘোর অনাচারে।
ধর্মের ফানুস বেশে মানুষ
দেশে জাগায় দ্বেষ,
জাত পাতের বর্ম টানি
মিলনের নেই লেশ,
দমন কর মা নিজ হাতে
নরপশু অসুরে,
চণ্ডীরূপে আয় মা শ্যামা
খড়্গ কৃপাণ ধরে…
অসহায় বড় নারী, কন্যা
কামের মরণ ফাঁদে,
শরম হারায় লালসায়
বিচারের বাণী কাঁদে।
আদ্যা শক্তি, তারা ভক্তি
কালী নামেই মুক্তি,
প্রতি নর-নারীর হৃদে
জাগাও শুভ শক্তি।
সংহারিণী রূপে আয় মা শ্যামা
বাঁচা চরাচরে,
চণ্ডীরূপে আয় মা শ্যামা
কৃপায় কৃপাণ ধরে…
************************************************************
কালী নামের জোয়ার এলো
হৃদয়ের ভাঙা কূলে,
কালিমা মুছে মনরে আমার
ডুব দেরে কালী বলে।
মন-অলি আশা-কলি
মধু নেশায় ঘোরে,
স্বপ্নবাসর সাজায় হায়
মায়ার বালুচরে।
রিপু-বলী দেবো কালী
ভক্তি-জবা ফুলে,
কালী নামের জোয়ার এলো
হৃদয়ের ভাঙা কূলে…
জগজ্জননী, তারিণী
তারা শক্তিময়ী,
অশুভ নাশি ঘুচাও নিশি
ওমা জ্যোর্তিময়ী।
জীবন-বাজি ভোজবাজি
শত প্রলোভন,
নিঠুর দুনিয়ার দ্বীপে বাঁচি
কেউ নয় আপন।
(তাই) কালী স্মরি, ভাসাই তরী
মায়ার নোঙর খুলে,
কালী নামের জোয়ার এলো
হৃদয়ের ভাঙা কূলে..















Very impressive, maybe music could be added later.
Comment by dchaudhuri — October 30, 2025 @ 9:38 pm
awesome! ready for a song in Ramprasadi style.
Comment by BAIDYA Roy — October 30, 2025 @ 10:17 pm