‘কেমন আছিস রে বাবু ?
অনেকদিন তোর কথা বড্ড মনে পড়ছিল,
তোর মা’র সাথে মাঝে মাঝে কথা হয়
সেও বড্ড একা, বেশ কষ্টে আছে……’
বহুদিন পর বাণী পিসির কথা,
হোয়াট্স-আপ এ ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছে ।
ঘুম থেকে উঠেই শুনলাম ।
সেই মায়া-ভরা, ভরাট, চেনা গলা,
ঘুম ভেঙ্গে কেমন স্বপ্ন দেখছি মনে হল,
হঠাৎ করে ত্রিশ-চল্লিশ বছর আগে পৌঁছে গেলাম –
কখনও ঘুরছি বাণী পিসি-র কোলে কোলে, ছাদের ওপর,
কখনও দেখছি বাণী পিসি আমাকে খাইয়ে দিচ্ছে,
পিঠ-চাপড়ে ঘুম পাড়ানো, গল্প বলা,
আমার হাজার নালিশ শোনা, আরো কত কি !!
তারপর বাণী পিসি-র বিয়ে হলো, চলে গেলো,
ঘর-সংসারে ব্যস্ত মায়েদের জীবন ।
মাঝে-মধ্যে কথা, তার ও কম দেখা,
ছেলে-মেয়েরা কম-বেশী প্রতিষ্ঠিত আজ
বড্ড ব্যস্ত, আমাদের ই মতো – কথা বলার সময় কই !
busy লাইফ, মরার সময়ও নেই ।
তবে মাঝে-মাঝেই পার্টি করি, গাড়ীর মডেল পুরোনো হলে পাল্টাই,
বাড়ি ছোটো হোলে বড়ো বাড়ী খুঁজি,
আর অফিস-বাড়ী-কাজ — ওফ ! হাঁফ ফেলার সময় নেই।
আর বাণী পিসি-র সঙ্গ !
না, ছেলে-মেয়েরা তো আমাদেরই মতো বাস্ত – সময় কোথায় তাদের !
বাণী পিসি-র সঙ্গ – পায়ে ব্যাথা, ওষুধ, হাসপাতাল,
একলা দিন, একলা জাগা রাত আর একরাশ স্মৃতি ।
বাণী পিসি – তুমি একা নও গো,
আমার মা, জ্যাঠিমা, ছোটো কাকিমা
সবাই এক – একা
সবাইকে যে একা থাকতেই হতো এমন টা নয়,
কিন্তু আমরা যে বড্ড ব্যস্ত!
কত ব্যস্ততার মধ্যেও আমাদের তোমরা বড়ো করেছো,
আর আমরা বড় হয়ে বড় ব্যস্ত হয়ে গেলাম ।
বাণী পিসিরা কেউ উচ্চপদস্থ কাজ করেছে,
কেউবা শুধুই ঘর-সংসারের ঘানি টেনেছে ।
কেউ শেক্সপীয়ার-রবীন্দ্রনাথ-নজরুল পড়েছে, কেউ দেখেছে উত্তম-সুচিত্রা,
কেউ দেখেছে হিমালয়, কেউ বা রোম,
আবার কারো পৃথিবী শুধুই বেনে-পুকুরের আশ-পাশ,
তবে আজ সবাই একা, এক-একটা ঘরে বা ফ্ল্যাটে বদ্ধ ।
কেউ অভাবে, কেউ শরীরে আবার কেউ দুটোতেই কাবু,
আর সবাই বদ্ধ মায়ায় ।
তবে বাণী পিসি – শিক্ষা আমরাও নিই-নি
তোমাদেরই পথে ছুটে চলেছি আমরা –
ছুটতে এত ব্যস্ত যে ভাবি না কেন এ ছোটা ।
তোমরা ছুটেছো কোলকাতায়, ঝাড়গ্রামে, মুর্শিদাবাদে,
আমরা ছুটছি বেঙ্গালুরু, বার্লিন বা বোস্টনে ।
চাকচিক্যেই যা আলাদা
তবে শেষের ছবিটা একই
একটা long শট নিলে হয়তো দেখা যাবে –
সময় বদলালেও,
বাণী পিসিরা সেই এক একটা ঘরে বা ফ্ল্যাটেই বদ্ধ আছে
সাথে নিয়ে একরাশ যন্ত্রণা আর এক গুচ্ছ মায়া ।
______________












Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment