পোড়া ফাগুনের হাওয়া – সনেট
নিকোনো উঠোন আর গোলাভরা হৈমন্তিক ধান
এটুকুই ছিল আশা কাজল বরন মেয়েটির,
স্বপ্ন হলো চুরমার আশা ভেঙে হলো খানখান-
মরন এলো ঘনিয়ে বিঁধলো পাখির বুকে তীর।
দপ করে উঠেছিল জ্বলে উঠেছিল দেশলাই
ওরা রঙের বদলে গায়ে ঢেলেছিল কেরোসিন
কুড়ি বছরের বধূ পুড়ল শরীর হল ছাই
কচি মেয়েটা তাকিয়ে হতবাক বদন মলিন।
নিজের গোবর লেপা অঙ্গনে নিজের পোড়া শব
একদিন দোল বধূ খেলেছিল এই আঙিনায়,
আজ বসন্ত বাতাস দমবন্ধ নেই কুহু রব
পোড়া গন্ধ চারদিকে ফুলগন্ধ নেই হাওয়ায়।
পণের নগদ বড়ো তাই ভালোবাসা হলো তুচ্ছ –
বেড়ার পাশে বধূর গাছে ফুটেছে রঙ্গন গুচ্ছ।















Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment